নিজস্ব প্রতিবেদক (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরে মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ‘শামিম পোল্ট্রি ফিড’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযোগের শুনানি শেষে ঘটনার সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অধিদপ্তরের প্রশাসনিক শুনানিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী এ জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী মো: সোহরাব হোসেন নামের এক সেবাগ্রহীতা সখিপুরের ‘শামিম পোল্ট্রি ফিড’ (স্বত্বাধিকারী: মো: সাইফুল ইসলাম)-এর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ভ্যাকসিন বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় প্রমাণকসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ দপ্তরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের ধারাবাহিকতায় আজ ২৮ জুলাই অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে এক আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগকারীর দাখিলকৃত প্রমাণাদি এবং অভিযুক্তের বক্তব্য পর্যালোচনা করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা ভ্যাকসিন বিক্রি করা খামারিদের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: সাইফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারা মোতাবেক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ নগদ আদায় করা হয়।
আইন অনুযায়ী, সফল অভিযোগকারী হিসেবে মোট আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ নিয়ম মেনে অভিযোগকারী জনাব মো: সোহরাব হোসেনকে প্রদান করা হবে।
ভোক্তাদের স্বার্থরক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর কর্তৃপক্ষ।